দীর্ঘ এক দশক পর আবারও দর্শকদের সামনে আসছে শরিফুল রাজ ও নাজিফা তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’। ২০১৬ সালে বড় পর্দায় মুক্তি পাওয়া রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২০ অক্টোবর থেকে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।
২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আইসক্রিম’। সিনেমাটির মধ্য দিয়েই বড় পর্দায় অভিনয়জীবন শুরু করেন শরিফুল রাজ ও নাজিফা তুষি। এক দশক পর সিনেমাটি ওটিটিতে মুক্তি পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তাদের শুরুর দিকের অভিনয়জীবন।
সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন শরিফুল রাজ। তার মতে, ১০ বছর আগের রাজ আর বর্তমানের রাজের মধ্যে নিশ্চয়ই অনেক পরিবর্তন এসেছে। তবে আজকের অভিনেতা হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অন্যদিকে, প্রথম সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে নানা অনুভূতি। সিনেমার বিশাল ক্যানভাস সম্পর্কে তখন খুব বেশি ধারণা না থাকলেও নির্মাতা রেদওয়ান রনি এবং প্রকল্পটি নিয়ে তার ইতিবাচক ধারণা ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।
‘আইসক্রিম’ সিনেমায় রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।
সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।
দীর্ঘ ১০ বছর পর ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়ায় পুরোনো দর্শকদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকেরাও রাজ ও তুষির ক্যারিয়ারের শুরুর দিকের অভিনয় দেখার সুযোগ পাবেন।
