চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্য সেন হলের নারী শিক্ষার্থীদের সুপেয় পানির সংকট নিরসনে পানির ফিল্টার দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান।
রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ফিল্টারটি হস্তান্তর করা হয়।
শিক্ষার্থীদের কল্যাণে এ উদ্যোগের জন্য সংসদ সদস্য সাঈদ আল নোমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থী তাসনিম আক্তার জানান, হলের জন্য সুপেয় পানি খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষার্থীদের অনেক সময় সুপেয় পানির সংকটে পড়তে হতো। এ সংকট নিরসনে উদ্যোগ নেওয়ায় তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ বিষয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে। তাঁর মা-বাবাও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি প্রতিনিয়ত এই ক্যাম্পাসের জন্য কাজ করার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে।
পানির ফিল্টার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, এ এফ রহমান হল সংসদের জিএস তামিম চৌধুরীসহ মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মাস্টারদা সূর্য সেন হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিবের দাবির পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
