Published on
:
2 min read
ডেঙ্গির আতঙ্ক হাওড়ার বাঁকড়ায়। সূত্রের খবর, গত ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ডোমজুড় থানা এলাকায় একাধিক রোগী ডেঙ্গি উপসর্গ নিয়ে ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ বাঁকড়া-১ পঞ্চায়েত এলাকায়। ১৯ জনের বেশি ডেঙ্গির উপসর্গ নিয়ে ভুগছেন। হাওড়া জেলা হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি মোকাবিলার কাজ চলছে।
গত কয়েকদিনে ডোমজুড় থানা এলাকার বাঁকড়ায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে বলে অভিযোগ। বাঁকড়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মণ্ডলপাড়া, নিউ মণ্ডলপাড়া এবং উত্তর পাড়ায় আক্রান্তের সংখ্যা ১৯ জন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। হাওড়া পুর এলাকায়ও ৪০ জনের উপরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বর্ষা মিটতেই ডেঙ্গির প্রাদুর্ভাব ভাবাচ্ছে প্রশাসনকে। উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তরও। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান, বাঁকড়া এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে।
এক নজরে
গত ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে বাঁকড়া-১ পঞ্চায়েত এলাকায় অন্তত ১৯ জন ডেঙ্গি উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছেন।
একাধিক রোগী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন; আশঙ্কাজনক একজনকে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে।
চলতি বছর হাওড়া জেলায় মোট আক্রান্ত ৬২৩ জন, যার মধ্যে ৩৫০ জনই হাওড়া শহর এলাকার।
অবিন্যস্ত নর্দমা ও জমে থাকা আবর্জনায় জল আটকে মশার বংশবৃদ্ধি ঘটছে বলে অভিযোগ বাসিন্দাদের।
ঘটনাস্থলে ভেক্টর কন্ট্রোল টিম পাঠানো হয়েছে, স্প্রে করা হচ্ছে তেল এবং আবর্জনা সাফাইয়ে বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছে।
গত বছর জেলায় যেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৪৭, এখন তা ৬২৩ জন। এর মধ্যে হাওড়া শহর এলাকায় আক্রান্ত ৩৫০ জন। এলাকার বাসিন্দাদের দাবি, নর্দমায় আবর্জনা জমে থাকার ফলে জল দাঁড়িয়ে গিয়েছে। সেখানে ডেঙ্গির মশা জন্মানোর ফলে এই প্রকোপ দেখা দিয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভেক্টর কন্ট্রোল টিম। মশা মারার তেল স্প্রে করা হচ্ছে।
একইসঙ্গে পঞ্চায়েত, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন থেকেও আবর্জনা সাফাই করার জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতাল থেকে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে।
FAQs
প্রশ্ন: হাওড়ার কোথায় এবং কতজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন?
উত্তর: হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া-১ গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়া, নিউ মণ্ডলপাড়া ও উত্তর পাড়ায় অন্তত ১৯ জন ডেঙ্গি উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এ ছাড়া হাওড়া পুর এলাকায় আক্রান্তের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
প্রশ্ন: ডেঙ্গি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন কী পদক্ষেপ করছে?
উত্তর: জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় জঞ্জাল সাফাই এবং ভেক্টর কন্ট্রোল টিম পাঠিয়ে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে।