দীর্ঘ ৬৫ মিনিটের দরকষাকষি শেষে ৬৫৭ কোটি টাকায় বিক্রি হয়েছে বিশ্বখ্যাত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মোনের আঁকা ‘আইরিস’ চিত্রকর্ম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’সের আয়োজনে ৫ কোটি ইউরোতে বিক্রি হয় ছবিটি।
নিলামে ছয়জন ক্রেতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। প্রথমে ৪৫ মিনিট দর হাঁকাহাঁকির পর শেষ দুই ক্রেতার মধ্যে আরও ২০ মিনিট চলে দরকষাকষি। শেষ পর্যন্ত এশিয়ার এক সংগ্রাহক টেলিফোনে দর হাঁকিয়ে ছবিটি কিনে নেন।
নিলামের আগে চিত্রকর্মটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ইউরো। তবে শেষ পর্যন্ত বিক্রয়মূল্য সেই অনুমান ছাড়িয়ে যায়।
এই বিক্রির মধ্য দিয়ে ফ্রান্সে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি শিল্পকর্মের রেকর্ড গড়েছে ‘আইরিস’। এর আগে ২০১০ সালে ইতালীয় শিল্পী আমেদেও মোদিগ্লিয়ানির ‘হেড অব আ ক্যারিয়াটিড’ চিত্রকর্মটি ৪ কোটি ৩২ লাখ ইউরোতে বিক্রি হয়ে রেকর্ডটি গড়েছিল।
