একটা ক্যারিয়ারের শেষটা কি শুধুই বিদায়ের গল্প হয়ে থাকবে, নাকি শেষবারের মতো আবারও দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ মিলবে? সেই আশাতেই জাতীয় দলে ফিরতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক জাহানারা আলম। দীর্ঘ বিরতি, নানা বিতর্ক আর কঠিন সময় পেরিয়ে তার ইচ্ছা এখন একটাই, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে আরেকবার লাল-সবুজের প্রতিনিধিত্ব করা। তবে জাহানারার সেই প্রত্যাবর্তনের ইচ্ছা পূরণ হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে আরও একবার মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। গত বছর সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আলোচনার কেন্দ্রে আসেন জাহানারা। ওই ঘটনায় মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ করে বিসিবি।
ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দল থেকে নিজের নেওয়া বিরতি শেষ করে আবারও ক্রিকেটে ফিরতে চান জাহানারা। পেশাদার ক্যারিয়ারের ইতি টানার আগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যও রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু। তিনি জানিয়েছেন, এ নিয়ে আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিবি।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা। পরের বছরের শুরুর দিকে মানসিকভাবে প্রস্তুত না থাকার কথা জানিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় চলে যান এই পেসার। সেই থেকে বাংলাদেশের নারী ক্রিকেটের কোনো পর্যায়েই তাকে দেখা যায়নি। জাতীয় দলের কাঠামো থেকে দূরে থাকার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও অংশ নেননি তিনি।
৩৩ বছর বয়সী জাহানারা আবারও জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহের কথা বিসিবিকে জানিয়েছেন। মাঠে থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। এ বিষয়ে বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’
জাহানারা দলীয় কোন্দলে বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন বাবু। তার ভাষ্য, ‘সে বলেছে, “আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি।” আমি কোনো ধরনের দলীয় কোন্দলে বিশ্বাসী নই। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।’
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া একাধিক অভিযোগ সামনে আনেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জাহানারা আলম। সেসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। পরবর্তী সময়ে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে আজীবন বা স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।
