বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত সম্প্রতি এক আইনি বিপাকে জড়িয়ে পড়েছেন। ২০১০ সালের একটি পুরনো মৃত্যুর মামলায় উত্তর প্রদেশের ঝাঁসি আদালত রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে।
ঘটনাটি ২০১০ সালের। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো-এ অংশ নিয়েছিলেন। অভিযোগ, সেই অনুষ্ঠানে রাখি সাওয়ান্ত লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন। অনুষ্ঠানের পর ভয়ঙ্কর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্থার শিকার হয়ে ওই যুবক মানসিকভাবে ভেঙে পড়েন এবং ওই বছরই নভেম্বর মাসে তাঁর মৃত্যু হয়।
https://www.youtube.com/watch?v=FAZCMeBQx8Q
মৃত যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে রাখি-সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারায় মামলা রুজু করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর আদালত এই নির্দেশ দেয়। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী (DGC) মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন যে, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই বিতর্কিত মামলার জেরে অভিনেত্রীর উপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে।
