সুন্নি মতাদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চাঁদপুর জেলা শাখার উদ্যোগে অনুগামী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রসেনার সভাপতি মো. কামরুল হাসান বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জাহিদ।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এমএ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিসে শুরা সদস্য আলহাজ সৈয়দ মো. আমান উল্যাহ সমরকন্দী, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ ইসলামী যুবসেনার চাঁদপুর জেলা সভাপতি যুবনেতা মো. নবাব খান। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মো. আজাদ হোসাইন।
বিশেষ বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী যুবসেনার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা বদরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী বলেন, সুন্নি মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলামের আদর্শ ও মূল্যবোধ ধারণের পাশাপাশি তরুণদের নৈতিকতা, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে সুন্নি আদর্শের প্রচার, দ্বীনি শিক্ষার প্রসার এবং সামাজিক কল্যাণে তরুণদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নতুন প্রজন্মকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্ব দেন। সম্মেলনের একপর্যায়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চাঁদপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে গিয়াস উদ্দিনকে সভাপতি, শাহাদাত হোসেন জাহিদকে সাধারণ সম্পাদক এবং মো. রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিআলো/আমিনা