খুলনায় ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতালে যান।
পরিদর্শনকালে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তাকে সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে আহত পুলিশ কর্মকর্তা ও তার পরিবারকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্তের হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
