প্রকাশিত: ১৬:২২, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:২৪, ২৩ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির পর্যটনসংশ্লিষ্ট এলাকা
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধের প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটনসংশ্লিষ্টদের ওপর। সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা সড়ক অবরোধ শুক্রবার (২৩ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো চলছে।
এর প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর। যারা পর্যটকদের নিয়ে সাজেকে যান এবং যারা পর্যটকনির্ভর ব্যবসা করেন, তারা জানিয়েছেন, সাজেকে অবরোধের কারণে পর্যটক না আসায় তারা বিপাকে পড়েছেন।
পিকআপচালক মো. সাইফুল ইসলাম ও মো. হৃদয় বলেন, তারা পর্যটকদের নিয়ে গাড়ি চালিয়ে সাজেকে যান। কিন্তু কয়েক দিন পরপর সাজেকে অবরোধ চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।
একই কথা বলেন সাজেক কাউন্টারের পাশের ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, তাদের পুরো ব্যবসাই পর্যটকনির্ভর। পর্যটক না এলে তাদের কোনো বেচাকেনা হয় না। এভাবে ঘন ঘন সাজেক বন্ধ থাকলে পরিবার-পরিজন নিয়ে চলতে কষ্ট হবে। তিনিও দ্রুত এ সমস্যার সমাধান চান।
সাজেক কাউন্টারের ব্যবস্থাপক সৈকত চাকমা বলেন, শুক্রবার ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে কিছুসংখ্যক পর্যটক এসেছিলেন। কিন্তু সাজেকে অবরোধের কারণে তাদের নিয়ে কোনো গাড়ি সাজেকের উদ্দেশে ছেড়ে যায়নি।
