উখিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের উখিয়ায় ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোনসহ আব্দুল্লাহ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আব্দুল্লাহ ওই গ্রামের নুরুল আমিনের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশ দিয়ে মিয়ানমার থেকে দুই থেকে তিনজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।
তাঁদের চ্যালেঞ্জ করলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানিয়েছেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহ ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
