নরসিংদীর নগর পাঁচদোনা এলাকায় দুই হাত ছাড়াই নিজের অদম্য ইচ্ছাশক্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন আলতাফ হোসেন দুঃখু মিয়া। তাঁর প্রতিষ্ঠিত প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুলে ১৪৫ শিশুর পাঠদানের ব্যবস্থা রয়েছে। এবার বিদ্যালয়টি পরিদর্শন করে এর নিবন্ধন, অবকাঠামো উন্নয়ন ও উচ্চ বিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেন, পাঠদান কার্যক্রম দেখেন এবং দুঃখু মিয়ার জীবনসংগ্রাম সম্পর্কে জানতে চান। পরে বিদ্যালয়ের জন্য নগদ অর্থ সহায়তা, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, আলতাফ হোসেন দুঃখু মিয়া শুধু নরসিংদীর গর্ব নন, তিনি সারা দেশের গর্ব। আত্মবিশ্বাস, মনোবল, শক্তি ও সাহস নিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। তাঁর সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করতে সরকারি সহায়তা প্রয়োজন। জেলা প্রশাসন ও সরকার তাঁর পাশে থাকবে।
বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে জেলা প্রশাসক বলেন, দুঃখু মিয়ার স্বপ্নের বিদ্যালয়টিকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এটিকে শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত স্বপ্ন হিসেবে দেখার সুযোগ নেই; এর সঙ্গে এলাকার শিশুদের শিক্ষার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।
বিদ্যালয়ের পরিবেশ সবুজায়নের উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক জানান, বিদ্যালয়ের ১৪৫ শিশুর প্রত্যেকের জন্য একটি করে গাছ আনা হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুদের হাতে তুলে দেওয়া গাছগুলো একদিন বড় বৃক্ষে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১৯৬২ সালে নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় জন্মগ্রহণ করেন আলতাফ হোসেন দুঃখু মিয়া। তাঁর বাবা প্রয়াত তমিজ উদ্দিন। জন্ম থেকেই দুই হাত না থাকায় ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হতে হয়েছে তাঁকে। দাদা আদর ও আক্ষেপ মিশিয়ে তাঁর নাম রেখেছিলেন দুঃখু মিয়া।
প্রতিকূলতা পেরিয়ে পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করেন তিনি এবং অর্জন করেন সর্বোচ্চ শিক্ষাগত সনদ। চাকরির জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রত্যাশিত সুযোগ না পেয়ে শেষ পর্যন্ত নিজ বাড়িতেই গড়ে তোলেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল। সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ১৪৫ শিশুকে পাঠদান করছেন।
পরিদর্শনকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সচিব লোকমান হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
