আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার সকালে জোড়া বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে এই তথ্য জানিয়েছে রয়া নিউজ।
পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সেটি প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে জোটটির মুখপাত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বিবৃতিতে মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা- সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
রিয়াদের জোড়া বিস্ফোরণের খবরের পরেই জোটটির পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হয়েছে।
এর আগে সৌদির সিভিল ডিফেন্স বাসিন্দাদের জন্য সম্ভাব্য হুমকির সতর্কবার্তা জারি করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা সৌদির বিভিন্ন শহর, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে।
অন্যদিকে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। সেখানে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের তুমুল সংঘর্ষ চলছে।
