কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রশাসনিক দায়িত্বের গণ্ডি পেরিয়ে হাতে মার্কার পেন নিয়ে শ্রেণিকক্ষে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। শিক্ষার্থীদের সামনে তুলে ধরলেন বিজ্ঞানের নানা বিষয়, করলেন একের পর এক প্রশ্ন। শিক্ষার্থীদের উত্তর শুনে ভুলগুলো শুধরে দিলেন, সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন জটিল বিষয়ও। শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি, দিয়েছেন ভালো ফলাফল অর্জন, শৃঙ্খলাপূর্ণ জীবন গঠন ও ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ। পাঠদানে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা পাঁচ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার দিয়ে উৎসাহিতও করেছেন তিনি।
এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তার এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে যেমন আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে, তেমনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রশাসনের এমন সরাসরি অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই পাঁচ শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে বিশেষ শিক্ষা উপকরণ তুলে দেন ইউএনও রূপম দাস। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে প্রায় ৪০ মিনিট পাঠদান করেন তিনি।
পাঠদানের সময় একটানা বক্তৃতা না দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দেন ইউএনও। বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সহজ ভাষা, বাস্তব জীবনের উদাহরণ ও বিভিন্ন উপমার সাহায্যে বুঝিয়ে বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন করেন, তাদের উত্তর শোনেন এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে তা আবারও ব্যাখ্যা করেন। এতে শ্রেণিকক্ষে তৈরি হয় প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পরিবেশ।
শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের বিষয় মুখস্থ না করে, বরং বুঝে শিখতে পারে—সেদিকেও গুরুত্ব দেন তিনি। পাঠদানের একপর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া, নিয়মিত অনুশীলন করা, সময়ের সঠিক ব্যবহার এবং জীবনের লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিজ্ঞানের বিষয়গুলো বুঝে শেখার পাশাপাশি যুক্তি দিয়ে চিন্তা করা ও নতুন কিছু জানার আগ্রহ ধরে রাখারও পরামর্শ দেন।
পাঠদানের সময় শিক্ষার্থীদের মনোযোগ, প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা এবং শ্রেণিকক্ষে অংশগ্রহণ পর্যবেক্ষণ করে পাঁচজনকে সেরা হিসেবে বাছাই করেন ইউএনও রূপম দাস। তাদের পুরস্কৃত করার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে তাঁদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।a
