ছবির ক্যাপশন: .
অনলাইন ডেস্ক
বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ সালমানকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে সালমানকে জীবনে থিতু হওয়া এবং সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সালমান খানের দীর্ঘ অভিনয়জীবনের নানা স্মৃতি তুলে ধরে সঞ্জয় দত্ত জানান, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক বহু বছরের। সেলিম খানের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সালমানকে শরীরচর্চা করতে দেখতেন তিনি। সেই সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
ভিডিও বার্তায় সঞ্জয় দত্ত সালমানকে ‘ভাইজ’ বলে সম্বোধন করেন। বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, তাঁরা দুজনই বিনোদনজগতের ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত।
বার্তার একপর্যায়ে সালমানের ব্যক্তিগত জীবন নিয়েও আবেগ প্রকাশ করেন সঞ্জয়। তাঁর ভাষ্য, সালমান শিশুদের খুব ভালোবাসেন। তাই তিনি চান, সালমানের জীবনেও সন্তান আসুক এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি হোক।
সঞ্জয় দত্ত আরও বলেন, বিয়ের পর মানুষ এক ধরনের বন্ধনে আবদ্ধ হয়। তবে সালমানের জীবনযাপন যেমনই হোক, তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সব সময় অটুট থাকবে।
সালমান খানের দীর্ঘদিনের বন্ধুর এমন আবেগঘন বার্তা ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বলিউডের এই দুই তারকার বন্ধুত্ব ও স্মৃতিচারণও নতুন করে আলোচনায় এসেছে।