ভুটান সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত অংশে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি।
ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা। বাফুফে সহ-সভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি।
কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।’
দুপুর ২টা পঞ্চাশ মিনিটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন ইনফান্তিনো। ভূটানে দুদিন থাকবেন তিনি। ২০ তারিখ ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ঐ সময় অবশ্য বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসি বিশেষ কংগ্রেসে থাকবেন।
সাবেক ফিফা সভাপতি হুয়াও হ্যাভেল্যাঞ্জ ১৯৮১ সালে ঢাকায় পাইওনিয়ার ফুটবল উদ্বোধন করেন। আরেক সাবেক সভাপতি সেপ ব্লাটার ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ উদ্বোধন করতে এসেছিলেন।
২০১২ সালে তিনি আরেক দফা ঢাকায় এসেছিলেন। বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ২০১৭ সালে এক দিনের সফরে এসেছিলেন। ৯ বছর পর যাত্রা বিরতিতে কিছু সময় কাটালেন ঢাকায়।
ফিফা সভাপতি বাংলাদেশে ঘণ্টা দেড়েক অবস্থান করবেন এটা গতকাল বিকেল পর্যন্ত নিশ্চিত ছিল না। রাতে নিশ্চিত হলেও বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় জানানো হয়নি।
ইনফান্তিনো চলে যাওয়ার সময় মিডিয়ায় ছবি ও ভিডিও সরবারহ করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপ ব্যর্থতা ও ফুটবলারদের নাইট ক্লাব ইস্যুর পর জাতীয় দল কমিটির সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই সভার বিষয়ও মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেডারেশন। অথচ নারায়ণগঞ্জে একটি একাডেমী পরিদর্শনে সাংবাদিকদের একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল।
ডিসি/আপ্র/১৮/১০/২০২৬
