কালবেলা · সাধারণ
গাজীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
২২/১০/২০২৬

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে আশিক শেখ (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ময়মনসিংহের ভালুকার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। সে স্থানীয় ফজলুল হকের বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করত।
বাড়ির মালিক জানান, কয়েক দিন ধরেই ঘরটি তালাবদ্ধ ছিল। বৃহস্পতিবার সকালেই ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের বাবা আব্দুল কাদির বলেন, ‘আমার ছেলে বিবাহিত। তার ৫ বছর বয়সী ছেলে আছে। সে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে কাজ করতো। কয়েকদিন আগে তার স্ত্রী ঝগড়া করে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়। গত ৫ দিন আগে আশিকের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। এরপর আজ মৃত্যুর খবর জানলাম।’
শ্রীপুর থানার উপপরিদর্শক( এসআই) ওবায়দুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা এ বিষয়ে তদন্ত করা হবে।’
মূল প্রতিবেদনে যান ↗