গাজীপুরের টঙ্গীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টঙ্গী সিটি প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টঙ্গী সিটি প্রেসক্লাবের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, টঙ্গী পশ্চিম থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুল ইসলাম এবং গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে মানুষের কথা তুলে ধরার পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে কালবেলা আরও এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, সংবাদপত্র মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি রাষ্ট্র ও সমাজের নানা অসংগতি তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থা ধরে রাখতে হবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান বলেন, সমাজের বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা প্রয়োজন।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুল ইসলাম কালবেলার চতুর্থ বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমাধ্যমকে মানুষের কথা বলার ভূমিকা অব্যাহত রাখতে হবে। তিনি পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিন বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা গণতান্ত্রিক সমাজের জন্য অপরিহার্য। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
পরে দৈনিক কালবেলার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষপর্বে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সাংবাদিকদের নিরাপত্তা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় টঙ্গী সিটি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অনেকে উপস্থিত ছিলেন।
