শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় ৬ টায় তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রহমতগঞ্জের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তার। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছে বিরতি নেবেন তিনি। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
