বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন আছে, কিন্তু টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে দুশ্চিন্তা? নিজের খরচে পড়াশোনা করা সম্ভব না হলেও কি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে? অনেকেরই উত্তর হলো—হ্যাঁ।
বিভিন্ন দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থা মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ দিয়ে থাকে। এর মধ্যে কিছু বৃত্তিতে টিউশন ফি, আবাসন, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা এমনকি যাতায়াতের খরচও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া কিছুটা প্রতিযোগিতামূলক। তাই সুযোগ খোঁজার পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি।
ফুল ফান্ডেড ও আংশিক স্কলারশিপের পার্থক্য
ফুল ফান্ডেড স্কলারশিপে সাধারণত পড়াশোনার প্রধান ব্যয়গুলো বহন করা হয়। তবে কোন কোন খরচ অন্তর্ভুক্ত থাকবে, তা বৃত্তির শর্তের ওপর নির্ভর করে। অন্যদিকে আংশিক স্কলারশিপে টিউশন ফির একটি অংশ কিংবা নির্দিষ্ট কিছু খরচের সহায়তা দেওয়া হয়। ফলে শুধু স্কলারশিপের নাম দেখে সিদ্ধান্ত না নিয়ে এর আওতায় কী কী সুবিধা পাওয়া যাবে, তা যাচাই করা জরুরি। বিশেষ করে আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, ভিসা ও যাতায়াতের খরচ নিজেকে বহন করতে হবে কি না, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।
কোথায় খুঁজবেন স্কলারশিপ
বিদেশের উচ্চশিক্ষার বৃত্তি খুঁজতে সংশ্লিষ্ট দেশের সরকারি শিক্ষাবিষয়ক ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পোর্টাল এবং আন্তর্জাতিক বৃত্তি প্রদানকারী সংস্থার ওয়েবসাইট অনুসরণ করা যেতে পারে। বিভিন্ন দেশের সরকারি বৃত্তি কর্মসূচি, বিশ্ববিদ্যালয়ভিত্তিক মেধাবৃত্তি এবং গবেষণাভিত্তিক অর্থায়নের সুযোগ রয়েছে। তবে প্রতিটি বৃত্তির যোগ্যতা, আবেদনের সময়সীমা, শিক্ষাস্তর ও বিষয়ভিত্তিক শর্ত আলাদা। তাই নিজের একাডেমিক যোগ্যতা, পছন্দের বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃত্তি খুঁজে বের করা প্রয়োজন।
আবেদনের প্রস্তুতি যেভাবে নেবেন
স্কলারশিপের আবেদনে ভালো একাডেমিক ফল গুরুত্বপূর্ণ হলেও সব বৃত্তির মূল্যায়নপদ্ধতি এক নয়। কোথাও গবেষণার অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সহশিক্ষা কার্যক্রম, কাজের অভিজ্ঞতা কিংবা সামাজিক অবদানও বিবেচনায় নেওয়া হয়। তাই আগে থেকেই একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), সুপারিশপত্র এবং প্রয়োজনীয় ভাষাগত দক্ষতার সনদ প্রস্তুত রাখা ভালো। গবেষণাভিত্তিক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে গবেষণার আগ্রহ ও প্রস্তাবও গুরুত্বপূর্ণ হতে পারে।
বিদেশে উচ্চশিক্ষায় ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ, আবেদনের যোগ্যতা এবং প্রস্তুতির বিষয়ে বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের কান্ট্রি ম্যানেজার নাসিরউদ্দিন সাদাফ প্রথম আলোকে বলেন, ‘স্কলারশিপের প্রস্তুতি অন্তত ১২ থেকে ১৮ মাস আগে শুরু করা উচিত। একাডেমিক ফলাফলের পাশাপাশি ভাষা দক্ষতা, গবেষণা, নেতৃত্ব ও স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।’
নাসিরউদ্দিন সাদাফ আরও বলেন, ‘এসওপি, সিভি ও সুপারিশপত্র যত্নসহকারে তৈরি করে যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ বাছাই করতে হবে। ফুল ফান্ডেড ও আংশিক বৃত্তির সুবিধা, শর্ত, নবায়ন নীতি এবং ডেডলাইন অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করা জরুরি।’
স্কলারশিপের আবেদনে যেসব ভুল এড়াবেন
ফুল ফান্ডেড স্কলারশিপের আবেদনপ্রক্রিয়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে সম্ভাব্য বৃত্তিগুলোর নাম, যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও ডেডলাইন নিয়ে একটি তালিকা তৈরি করুন। আবেদন জমা দেওয়ার আগে প্রতিটি নির্দেশনা ভালোভাবে পড়ে সব তথ্য যাচাই করুন। মনে রাখতে হবে, শুধু আবেদন করলেই বৃত্তি নিশ্চিত হয় না; নিজের যোগ্যতা ও লক্ষ্য অনুযায়ী সঠিক সুযোগ বেছে নেওয়াই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার অর্থায়নের জন্য তাই আগে থেকেই খোঁজখবর শুরু করা, প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলা এবং পরিকল্পিতভাবে আবেদন করাই হতে পারে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পথে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
