টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বুধবার দুপুর ১ টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টা দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি।
তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, কারখানার ইউনিট-২ এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জাম ও বিভিন্ন মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারখানার কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুর্হূতের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের মধ্যে ছড়িয়ে পড়ে।
