কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুস সালামের যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে অর্জিত এমডি কার্ডিওলজি ডিগ্রির স্বীকৃতি ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়া ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগে কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ডা. আব্দুস সালাম অনলাইনে অর্থের বিনিময়ে যুক্তরাজ্যের ‘Helstone University’ থেকে ডিগ্রির সনদ সংগ্রহ করেছেন। অভিযোগের সমর্থনে সংশ্লিষ্ট সনদের একটি অনুলিপিও জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারী দাবি করেন, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত তথ্য ও বিভিন্ন সূত্র অনুসন্ধান করে ‘Helstone University’ নামে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচয় ও সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীর আশঙ্কা, এ ধরনের ডিগ্রি ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিতি পেলে রোগীরা বিভ্রান্ত হতে পারেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদনে অনলাইনে অর্জিত এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রিটিকে বিএমডিসির অনুমোদনহীন ও অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসককে ডিগ্রিটি ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তবে ওই নির্দেশনা অমান্য করে ডিগ্রিটি ব্যবহার অব্যাহত রাখার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, “ইউকে থেকে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছি। হাজারো ছাত্র-ছাত্রী সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ডাক্তারি করছেন। আমি করতে সমস্যা কোথায়? সিভিল সার্জন আমাকে যখন পত্র দিয়েছিলেন, তখন আমার সার্টিফিকেট ছিল না। এখন আমার সার্টিফিকেট আছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বিএমডিসি পদক্ষেপ নেবে। এটা নিয়ে কাদা ছোড়াছুড়ির কী আছে? কুড়িগ্রামের অনেক ডাক্তার আছেন, যারা ডিগ্রি না নিয়েও নামের পাশে ডিগ্রি যুক্ত করেছেন।”
অন্যদিকে, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বলেন, “তদন্তের মাধ্যমে আমরা ডা. আব্দুস সালামকে একটি পত্র দিয়েছি। বিএমডিসির নিয়ম মেনে ডিগ্রি ব্যবহার করতে পারবেন।”
বর্তমানে বিএমডিসির অনুমোদন ছাড়া ডা. আব্দুস সালাম এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন আরও বলেন, “যতক্ষণ বিএমডিসি অনুমতি না দেয়, ততক্ষণ এমডি কার্ডিওলজি (যুক্তরাজ্য) ডিগ্রি ব্যবহার করার সুযোগ নেই।”
চিকিৎসা পেশায় বিশেষজ্ঞ ডিগ্রির স্বীকৃতি রোগীদের আস্থা ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি, সনদের সত্যতা এবং ডিগ্রি ব্যবহারের অনুমোদন সম্পর্কে বিএমডিসির আনুষ্ঠানিক বক্তব্য ও নথি যাচাইয়ের দাবি উঠেছে।
এই বাংলা/এমএস
