জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৬:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৭ অক্টোবর রোববার। এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। এদিন ঘিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
বিকেল সাড়ে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত আসন গ্রহণের সুযোগ থাকছে। বিকেল ৫ টার পর অনুষ্ঠানস্থলে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এদিন সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অপর এক বিজ্ঞপ্তিতে মাজার জিয়ারত অনুষ্ঠানে জেডআরএফ-এর সকল বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানস্থ কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার লক্ষ্যে জেডআরএফ প্রতিষ্ঠা করেন।
‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগানকে ধারণ করে গরিব এবং অসহায় মানুষের কাছে ছুটে চলেছে জেডআরএফ। ইতোমধ্যে মানবসেবার অসংখ্য দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে সারা দেশে ব্যাপক পরিচিতি ও সুনাম লাভ করেছে সংগঠনটি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
