নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় শাহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মোকারম (৫০) ও তার ছেলে রাব্বি মিয়ার (১৬) বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। নিহত শাহিন (২২) ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে আওলাদ হোসেন ও তার ভাতিজা মোকারমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে ইটের স্তূপ থেকে ইট নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে মোকারম ও তার ছেলে রাব্বি দা নিয়ে আওলাদ হোসেনের ওপর হামলা করতে এগিয়ে যান। এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে শাহিন আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে খবর পেয়েছি, ইটের মালিকানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় শাহিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
