Published : 16 Oct 2026, 07:26 PM
Updated : 16 Oct 2026, 07:26 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে জনসভার জন্য প্রস্তুত হচ্ছে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ)।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন শুক্রবার দুপুরে মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, সংলগ্ন সড়ক সংস্কার ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। বিকাল ৩টায় মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি ইক্ষু চাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।
মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সিটি করপোরেশনের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নগরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। তাকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি বলেন, সফর সফল করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মাঠ পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির উপস্থিত ছিলেন।
