জামালপুরে ৩৫ বিজিবির পৃথক অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ ও হেরোইন-ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় মদ জব্দ ও মাদকসহ মিজানুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৬-এর নিকটবর্তী কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জামাইপাড়া এলাকায় অভিযান চালান জামালপুর ৩৫ বিজিবি ইসলামারী বিওপির সদস্যরা। এ সময় সেখান থেকে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
অপরদিকে, বকশীগঞ্জের ধানুয়া গ্রামে পৃথক অভিযানে ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ও হেরোইনসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ভারতীয় মদ ও ইয়াবা আটকের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।