কালবেলা · সাধারণ
মানিকগঞ্জে সফট মাইক্রোফাইন্যান্স চালু, আগ্রহ বাড়ছে ঋণগ্রহীতাদের
১৫/১০/২০২৬

প্রচলিত ক্ষুদ্রঋণের বিকল্প হিসেবে আরও মানবিক ও ঋণগ্রহীতাবান্ধব অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মানিকগঞ্জে সফট মাইক্রোফাইন্যান্স কার্যক্রম চালু করেছে আগ্রহ সোসাইটি।
এ উপলক্ষে সফট মাইক্রোফাইন্যান্সের ঋণগ্রহীতা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নতুন এই অর্থায়ন মডেলের কার্যপদ্ধতি, সুবিধা ও সম্ভাবনা তুলে ধরা হয়। সভায় অংশগ্রহণকারীরা মডেলটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এই ধারণার প্রবক্তা আগ্রহ সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এটিএম রিদওয়ানুল হক সফট মাইক্রোফাইন্যান্সের মূল ধারণা ব্যাখ্যা করে বলেন, ‘এই ব্যবস্থার লক্ষ্য শুধু ঋণ দেওয়া নয়, বরং মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা।’
তিনি জানান, এর মূল দর্শন হলো ‘ক্যাশ+কেয়ার’, অর্থাৎ অর্থায়নের পাশাপাশি ঋণগ্রহীতার বাস্তব পরিস্থিতি, সামর্থ্য ও মানবিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া।
তিনি আরও জানান, এই মডেলে চক্রবৃদ্ধি সুদ নেই। ঋণের বিপরীতে এককালীন সার্ভিস চার্জ সর্বোচ্চ ৮ শতাংশ এবং বকেয়া অর্থের ওপর বিলম্ব ফি বছরে সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারিত।
রিদওয়ানুল হক বলেন, ‘বাধ্যতামূলক সঞ্চয় বা জোর করে কোনো পণ্য কেনার শর্তও নেই। প্রকৃত আর্থিক সংকটে পড়া ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় ছাড় দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। সফট মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য দরিদ্রদের থেকে মুনাফা অর্জন করা নয়, বরং মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তা করা।’
সভায় ঋণগ্রহীতা ও অন্যান্য অংশীজনেরা ক্ষুদ্র ব্যবসার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্ন আয়ের পরিবারের আর্থিক স্থিতিশীলতা অর্জনে এই মডেলের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আগ্রহ মনে করে, মানুষের সামর্থ্য ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সফট মাইক্রোফাইন্যান্স আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং আরও দায়িত্বশীল ও মানবিক ক্ষুদ্রঋণ ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে।
মূল প্রতিবেদনে যান ↗