নিজস্ব প্রতিবেদক · ১৭ অক্টোবর, ২০২৬ ১:১৩ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে শিকড়, আর তার নেতৃত্বে থাকবে ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দল। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী আনিসা খান ইংল্যান্ড নারী কাবাডি দলের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন।
আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
আনিসার এই অর্জনে গর্বিত তার পরিবার ও মৌলভীবাজারের রাজনগরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই অধিনায়ক হওয়ার খবর জানিয়েছেন আনিসা। পরে তার বাবা, ব্যবসায়ী ইয়াওর খানও গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
কাবাডির মাঠের পাশাপাশি পেশাগত জীবনেও পরিচিতি রয়েছে আনিসার। তিনি একজন কনসালট্যান্ট এবং পরিচিত খাবারের ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’র প্রতিষ্ঠাতা উদ্যোক্তা।
যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বিবিসি ওয়ানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে ফাইনালে পৌঁছেছিলেন আনিসা। ওই প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর তার পরিচিতি আরও বাড়ে।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১৭ সালে কাবাডির সঙ্গে যুক্ত হন আনিসা। নিয়মিত অনুশীলন ও পারফরম্যান্সের মধ্য দিয়ে জায়গা করে নেন ইংল্যান্ডের জাতীয় নারী কাবাডি দলে। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপেও ইংল্যান্ডের হয়ে খেলেছেন তিনি। এবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব পেলেন।
আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তার বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে প্রথমে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন তিনি। পরে আবাসন ব্যবসায় যুক্ত হয়ে সফলতা পান। যুক্তরাজ্যে ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ইয়াওর খান। চার ভাই-বোনের মধ্যে আনিসা সবার ছোট।
আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ইংল্যান্ডসহ ১৪টি দেশের জাতীয় দলের অংশ নেওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতায় ইংল্যান্ডের নারী দলের নেতৃত্ব দেবেন আনিসা।
গুগলে আমাদের খবর পেতে
