গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের দাপুটে জয়ের পর বার্সেলোনার খেলোয়াড়দের বাড়তি বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক। এল ক্লাসিকোর আগে ব্যস্ত সূচির ধকল সামলাতে অনুশীলন পরিকল্পনায় এই পরিবর্তন এনেছেন কোচ।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইকে হারানোর পর ইস্তাম্বুলেই রাত কাটায় বার্সেলোনা। পরদিন তুর্কি ক্লাবটির অনুশীলন মাঠে একটি রিকভারি সেশন করার পরিকল্পনা ছিল ফ্লিকের। তবে ম্যাচের পর খেলোয়াড়দের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সেই পরিকল্পনা বাতিল করেন তিনি। এর বদলে হোটেলের জিমে হালকা রিকভারির কাজ করেন ফুটবলাররা।
বুধবার দুপুরে বার্সেলোনায় ফেরার কথা দলটির। বৃহস্পতিবার সকালে অনুশীলনে ফিরবেন খেলোয়াড়রা। এরপর ১৭ অক্টোবর লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে বার্সেলোনা। পরদিন আরেকটি অনুশীলন সেশন শেষে সোমবার প্যারিসে যাবে তারা।
২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর ২৫ অক্টোবর নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তি কাটিয়ে ছন্দে ফেরানোই ফ্লিকের পরিকল্পনার মূল লক্ষ্য।
এইচজেএস
