কালবেলা · রাজনীতি
রাশিয়ার ডেটা সেন্টারে আরও হামলার আহ্বান লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর
১২/১০/২০২৬

ইউরোপের নির্বাচনকে বিদেশি হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখতে রাশিয়ার আরও ডেটা সেন্টারে হামলা চালানোর জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানাতে দেশটির মিত্রদের পরামর্শ দিয়েছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিনদাউগাস সিঙ্কেভিচিয়ুস। সোমবার (১২ অক্টোবর) ওয়ারশ নিরাপত্তা ফোরামে তিনি এ প্রস্তাব দেন।
এলআরটির প্রতিবেদন অনুযায়ী, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও অন্যান্য মিত্রদেশ কীভাবে নিজেদের নির্বাচন সুরক্ষিত রাখতে পারে—এমন এক প্রশ্নের জবাবে সিঙ্কেভিচিয়ুস বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার আরও ডেটা সেন্টারে হামলা চালাতে বলা উচিত। এতে সহায়তা হতে পারে।’
বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। সেখানে তার সঙ্গে ছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে।
সিঙ্কেভিচিয়ুস বলেন, সৌজন্য দেখিয়ে কেউ ইউরোপীয়দের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জায়গা করে দেবে না। ইউরোপকে সেখানে নিজেদের অবস্থান নিশ্চিত করতে হলে নিজেদের শক্তি, উদ্যম ও ঐক্য বাড়াতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গীকার দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন সামরিক সক্ষমতা গড়ে তুলতে হবে। কৌশল ও পরিকল্পনা প্রয়োজনীয় হলেও এগুলো একা রাশিয়াকে নিরস্ত করতে পারবে না।
ইউরোপের প্রতিরক্ষা শিল্পগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী। তার মতে, বাস্তব চাহিদা পূরণের জন্য ইউরোপের বর্তমান উৎপাদন সক্ষমতা যথেষ্ট নয়।
এ সংকট মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথভাবে অস্ত্র কেনা ও উৎপাদন এবং সামরিক মহড়ার মাধ্যমে মিত্রদের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর পরামর্শ দেন সিঙ্কেভিচিয়ুস।
সূত্র: এলআরটি
মূল প্রতিবেদনে যান ↗