রিয়াল মাদ্রিদ বনাম সেভিয়া ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুইয়ের গুতো দিয়ে বিতর্কের জন্ম দিলেন আরদা গুলার। রেফারি মাতেও বুসকেটস ফেরার তুর্কি মিডফিল্ডারকে মাঠ থেকে বের করে দেননি। কয়েক মিনিট পর তার গোলেই সান্তিয়াগো বার্নাব্যুতে লিড নেয় রিয়াল।
২২তম মিনিটের এই ঘটনার পর রেফারির বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় সফরকারী দল। মাঝমাঠে দৌড়ানো অবস্থায় গুলারের জার্সি টেনে ধরেন পেকে। এসময় নিজেকে ছাড়াতে রিয়ালের খেলোয়াড় তাকে কনুই দিয়ে মুখে আঘাত করেন।
আরও পড়ুন
ঘটনার সময় দুই খেলোয়াড়ই সেভিয়ার গোলের দিকে দৌড়াচ্ছিলেন এবং এই চ্যালেঞ্জের সময় বল সরাসরি জড়িত ছিল না। সেভিয়ার খেলোয়াড় মাটিতে পড়ে যান, আর তার সতীর্থ রিয়াল মিডফিল্ডারকে লাল কার্ড দেওয়ার দাবি জানান।
গুলার আসলেই সহিংস আচরণ করেছিলেন কি না, তা ভিএআরে দুই মিনিটের মতো খতিয়ে দেখেন রেফারি। তবে এর আগেই মাঠের মধ্যে হাতাহাতি চলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। মাটিতে পড়ে থাকা পিকেকে আক্রমণাত্মক হয়ে টেনে তোলার চেষ্টা করেন ডিন হুইসেন। তারপর দুই দলের খেলোয়াড়রা হাঙ্গামা বাধিয়ে বসেন। রেফারি ফেরার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুইসেন ও ফেলিক্স কোরেইয়াকে হলুদ কার্ড দেখান।
কিন্তু গুলারকে কোনো শাস্তি দেওয়া হয়নি। ভিএআর ঘটনাটি যাচাইয়ের পর জানায়, তুর্কি মিডফিল্ডারের ওই চ্যালেঞ্জ স্পষ্ট নয় এবং লাল কার্ড পাওয়ার মতো নয়।
এই সিদ্ধান্ত সেভিয়াকে আরও ক্ষুব্ধ করে তোলে, যখন গুলার ওই বিতর্কিত চ্যালেঞ্জের আট মিনিট পর রিয়ালের গোলমুখ খোলেন। অথচ লাল কার্ড পেলে তিনি মাঠেই থাকতে পারতেন না। ১০ জনের রিয়ালের বিপক্ষে সেভিয়া ভিন্ন ফলও পেতে পারত।
এর ছয় মিনিট পর কিলিয়ান এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু সেই গোলেরও বিরোধিতা করে সেভিয়া। গোলটি বিল্ডআপের সময় রবি উরেকে ফাউল করা হয়েছে বলে দাবি জানায় তারা। তবে ফেরার ঠিকই গোলটি বহাল রাখেন। তাতে করে বার্নাব্যুতে দুটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত এখন আলোচনায়।
এফএইচএম
