নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫৬০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা মাদক ও পিকআপসহ জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলার সিধলী-নেত্রকোনা সড়কের দিগজান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল সাইদুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে পিকআপটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিমেন্টের বস্তার আড়ালে রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়।
তল্লাশিতে পিকআপে থাকা নয়টি বস্তা থেকে মোট ৫৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এর মধ্যে সাতটি বস্তায় ৪২০ বোতল এবং বাকি দুটি বস্তায় ১৪০ বোতল ফেনসিডিল ছিল। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫৬ লিটার ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ফারুক মিয়া (২৬)। তিনি পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলী ও হোসনাহার বেগমের ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা সম্ভব হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই বাংলা/এমএস
