জালালাবাদ ডেস্ক: দেশে হাম ও এর উপসর্গ এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন এবং ডেঙ্গুতে পাঁচজন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর ও হাসপাতালে ভর্তি রোগীর এই হিসাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৩২৪ জনের। নতুন করে আরও ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ বছর সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।
অন্যদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন খুলনা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন।
হাম ও ডেঙ্গুর সংক্রমণ এবং মৃত্যুর এ পরিসংখ্যান জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
