ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা হলে ইসরাইলের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলা হলে ইসরাইলি ভূখণ্ডকে ‘পোড়ামাটিতে’ পরিণত করা এবং সেখানকার বাসিন্দাদের মিশরের সিনাই উপদ্বীপে বিতাড়িত করার হুমকি দিয়েছে তেহরান।
রোববার (১৮ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ ইংলিশের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আইআরজিসির মুখপাত্রের বরাতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, “ইরানের জ্বালানি অবকাঠামোয় যেকোনো আগ্রাসন চালানো হলে, যদিও তরুণ বিজ্ঞানীরা তা দ্রুত মেরামত করে ফেলতে পারবেন, অধিকৃত অঞ্চলগুলো চিরতরে পোড়া জমিতে পরিণত হবে এবং সেখানকার দখলদারদের সিনাই উপদ্বীপে বিতাড়িত করা হবে। বিশ্ব দেখবে এরপর কী ঘটে!”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আইআরজিসি এ হুমকি দিল। তবে বিবৃতিতে ইসরাইলের কোনো নির্দিষ্ট স্থাপনা বা লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি। সম্ভাব্য পাল্টা হামলার সময়সীমাও জানানো হয়নি।
এদিকে হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের মন্তব্য পর্যালোচনা করছে তেহরান। তবে নৌপথটি চালুর শর্তে কোনো পরিবর্তন আসেনি।
ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথমে দেশটির বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আঞ্চলিক সব ফ্রন্টে সংঘাত বন্ধ করতে হবে। এসব শর্ত মানা হলে ছয় দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। পরদিন আলোচনা শুরু হবে। তবে ওয়াশিংটনের মতে, সমঝোতার জন্য তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।
আরাঘচি বলেন, “আমরা যে শর্তগুলো দিয়েছি, সেগুলো অস্বাভাবিক বা অযৌক্তিক নয়। আগেও আমি এ কথা বলেছি। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সদিচ্ছা যুক্তরাষ্ট্রের থাকলে কয়েক দিনের মধ্যেই তারা এসব শর্ত পূরণ করতে পারবে।”
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থার তথ্য অনুযায়ী, গত রোববার থেকে এক সপ্তাহে প্রণালির ভেতরে ও আশপাশে অন্তত ১০টি জাহাজে হামলা হয়েছে। প্রণালিতে অস্থিতিশীলতা বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাজারে চাপ বাড়াচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করলে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের ভয়াবহ ক্ষয়ক্ষতি করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি।
বিআলো/শিলি