সাত বছরের বিরতি কাটিয়ে আবারও মঞ্চে ফিরছে ধ্রুপদী আর্ট সেন্টারের প্রথম প্রযোজনা একক নাটক ‘নভেরা’। বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নভেরা আহমেদের জীবন, শিল্প, প্রেম, নিঃসঙ্গতা ও শিল্পীসত্তার নানা দিক নিয়ে নির্মিত নাটকটির ৩০তম মঞ্চায়ন হবে আজ ২৪ অক্টোবর।
শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ প্রদর্শনীটি।
২০১৬ সালে প্রথম মঞ্চায়নের মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হয়। হাসনাত আবদুল হাইয়ের মূল রচনা অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান। নির্দেশনায় রয়েছেন সাজ্জাদ রাজীব। একক অভিনয়ে নভেরা আহমেদের চরিত্রে দেখা যাবে সামিউন জাহান দোলাকে।
বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের ইতিহাসে নভেরা আহমেদ একটি স্বতন্ত্র নাম। প্রচলিত শিল্পভাবনা ও সামাজিক কাঠামোর বাইরে গিয়ে নিজস্ব শিল্পভাষা নির্মাণ করেছিলেন তিনি। তাঁর জীবন ও শিল্পচর্চায় প্রতিফলিত হয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, ব্যক্তিস্বাতন্ত্র্য, প্রেম, নিঃসঙ্গতা এবং নিরন্তর অনুসন্ধানের গল্প। একসময় জনপরিসর থেকে অনেকটা নীরবে সরে যাওয়া এই শিল্পীকে তাঁর শিল্পকর্ম ও অন্তর্জগতের মধ্য দিয়ে মঞ্চে তুলে ধরেছে ‘নভেরা’।
নাট্যকার ও নির্দেশকের শিল্পভাবনায়, এটি কেবল একজন ভাস্করের জীবনকাহিনি নয়। বরং নিজস্ব পথ নির্মাণ, প্রচলিত সীমা অতিক্রম এবং প্রতিকূলতার মধ্যেও সৃষ্টিশীলতার প্রতি অবিচল থাকার আখ্যান। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সেই ছাই থেকেই আবার উঠে দাঁড়ানোর প্রতীকী শক্তিও নভেরার জীবন ও শিল্পের সঙ্গে মিশে গেছে নাটকটিতে।
প্রায় এক ঘণ্টা ১০ মিনিটের এই একক নাটকে একজন অভিনেতার অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে নভেরার বহুমাত্রিক ব্যক্তিসত্তা ও শিল্পীসত্তা। একক অভিনয়ের মাধ্যমে একজন শিল্পীর অন্তর্জগৎ, মানসিক টানাপোড়েন এবং সৃষ্টিশীলতার নানা দিক দর্শকের সামনে তুলে ধরাই প্রযোজনাটির অন্যতম বৈশিষ্ট্য।
নভেরা আহমেদের জীবন ও শিল্পভাবনার সঙ্গে নতুন প্রজন্মের দর্শকদের পরিচিত হওয়ার ক্ষেত্রেও নাটকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর জীবনসংগ্রাম, স্বতন্ত্র শিল্পদৃষ্টি ও ব্যক্তিস্বাধীনতার আকাঙ্ক্ষা দর্শকদের ভাবনার নতুন খোরাক জোগায়। শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং নিজের বিশ্বাসে অবিচল থাকার বিষয়গুলোও উঠে আসে নাটকের আখ্যানজুড়ে।
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফেরা এবং ৩০তম প্রদর্শনীতে পৌঁছানো– দুই দিক থেকেই প্রযোজনাটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে আয়োজক ধ্রুপদী আর্ট সেন্টার। বিশেষ এই প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শকরা নভেরা আহমেদের জীবন, শিল্পভাবনা ও স্বতন্ত্র সৃষ্টিশীল জগতের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
