রাস্তা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছে।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘উসকানিমূলক বক্তব্য দিয়ে লাভ নেই, জনগণই শেষ কথা। ‘দেখে নেব, ফেলে দেব’-এ ধরনের হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণই এসব হুমকির যোগ্য জবাব দেবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি বিএনপি।’
গতকাল দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী থেকে হাটপাড়া সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে ছয়টি সড়ক নির্মাণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেন।
রাস্তা নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছে। কেউ কেউ বলছেন, ‘দেখে নেব, ফেলে দেব’। তবে জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়া বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে গেছেন। এ দল প্রতিষ্ঠালগ্ন থেকেই কোনো হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি।’
ষড়যন্ত্রকারী ও বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘গায়ের জোর দেখিয়ে যারা নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছেন তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানাই। জনগণ যদি আপনাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে। অন্যথায় জনগণের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করবেন না।’ তিনি বলেন, ‘জনগণই আপনাদের কার্যক্রমের সঠিক জবাব দেবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
