সাকিবুল হাছান
আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি হিসেবে ঘোষিত ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৫ আগস্ট সামনে রেখে কোনো রকম নিরাপত্তা সমস্যা নেই। ইনশাআল্লাহ, সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চলমান অভিযানের প্রসঙ্গে তিনি জানান, “এটা ডিএমপির নিয়মিত কার্যক্রম। প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান চালানো হয়ে থাকে। বিস্তারিত জানতে চাইলে ডিএমপির সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
বিদেশগামী বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়নি। যেসব দেশের সঙ্গে আমাদের এ বিষয়ে চুক্তি রয়েছে, তাদের নাগরিকদের যথারীতি ভিসা দেওয়া হচ্ছে। যাদের সঙ্গে চুক্তি নেই, তারা এই সুবিধা পাচ্ছেন না।”
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সম্প্রতি মালয়েশিয়ান একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এসেছিল। মূল আলোচনা হবে পুলিশ সদর দপ্তরে, কারণ এ ধরনের বিষয়ে প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদা সমঝোতা থাকে।” এ ছাড়া রংপুরে ধর্মীয় অনুভূতি নিয়ে উত্তেজনার জেরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় সরকারের অবস্থান জানিয়ে তিনি বলেন, “ঘটনার সঙ্গে যারা জড়িত, সবাইকে আইনের আওতায় আনা হবে।”
