মাদারীপুরে ৬০০ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৩
মাদারীপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মাদারীপুরের শিবচর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬০০টি ইয়াবা বড়ি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকার লিখন খান (২৫) এবং মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার রতন মন্ডল (৪২) ও সজিব মোল্লা (৩৭)।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে তপু হাওলাদারের গাড়ির গ্যারেজের সামনে অভিযান চালানো হয়। এ সময় লিখন খানের কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তিনি ওই এলাকার লিটন খানের ছেলে।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি সার্বজনীন দুর্গা মন্দিরের পেছনে অভিযান চালিয়ে রতন মন্ডল ও সজিব মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। রতন মন্ডল মৃত যাদব মন্ডলের ছেলে এবং সজিব মোল্লা সাহেব আলী মোল্লার ছেলে। তাঁদের দুজনের বাড়ি পশ্চিম রাস্তি এলাকায়।
মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

