সাব্বির আহম্মেদ, বিশেষ প্রতিবেদক :
ঢাকার সাভারে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। রোববার সকালে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহবুব সামির, সাভার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত ও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিন।
আহত রাজ্জাক বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে, বুধবার বিকেলে উপজেলার দেওগাঁও এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক জানান, বাড়িতে অবস্থানকালে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় কৃষক দল নেতা রবিনকে ফোন দেন। পরে রবিনের শ্যালক ছাত্রদল নেতা মাহবুব সামির তার সহযোগীদের নিয়ে হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে বেধড়ক মারধর শুরু করেন। এছাড়াও তার স্ত্রীকে জোরপূর্বক বাড়িটি দখল করে দেওয়ার আশ্বাসে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তারা।
নাম প্রকাশ অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা জানান, ছাত্রদল নেতা মাহবুব সামিরের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি হামলা ও দখলবাজির ঘটনায় বারবার জড়িয়েছে তার নিয়ন্ত্রিত ক্যাডার বাহিনী। গত কোরবানি ঈদের আগের রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের মুরগি পট্টিতে রুবেল নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলার আসামিও মাহবুব। একই হত্যা মামলায় আরেক আসামি তার ভাই যুবদল নেতা হৃদয়। তাদের বাবা মতি মিয়া এলাকায় ভূমিদস্য হিসেবে পরিচিত।
এসব অভিযোগের বিষয়ে জানতে কৃষক দল নেতা রবিনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, রাজ্জাকের সাথে বিরতের বিষয়টি মীমাংসা হয়ে গেছে। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন।
