ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪৪টি ফ্লাইট বাতিল হওয়ায় ২২ হাজার ২১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে তাঁদের বহন করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামের ফ্লাইট স্থগিত রাখে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।
ফ্লাইট বাতিলের ঘটনায় সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।
