ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মার্কেটটিতে আগুন লাগে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার শামীম মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। পরে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি জেনারেটর বিস্ফোরিত হয়। আগুনে আটটি জেনারেটরসহ কিছু মালামাল পুড়ে গেছে।
শামীম মিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
