ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমাকে ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও ধর্মীয় কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ সাহেবের অনুসারী)।
১. বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ সাহেবের অনুসারী) উদ্যোগে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
২. সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার: ২০১৮ ও ২০২৪ সালের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকেন্দ্রিক সহিংসতা, প্রাণহানি এবং সংশ্লিষ্ট অন্যান্য ঘটনার নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
৩. বহিরাগত ধর্মীয় দলের ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ: তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মভিত্তিক দলের রাজনৈতিক নেতা এবং ধর্মীয়-রাজনৈতিক সংগঠনের অযাচিত হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
৪. টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের ব্যবহার নিশ্চিত করা: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর ন্যায্য অধিকার ও সুযোগ নিশ্চিত করা এবং ময়দান দখলসংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
৫. মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ নিষ্পত্তি: দেশের বিভিন্ন জেলা ও থানার মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ ও দখলসংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা এবং বৈধ কর্তৃপক্ষের কাছে মসজিদগুলোর নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
৬. মসজিদে ধর্মীয় কার্যক্রমের নিরাপত্তা: ‘তৌহিদি জনতা’ বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন দেশের মসজিদগুলোতে তাবলীগের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় বেআইনি বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সরকার তাবলীগ জামাতের ধর্মীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখবে, সব পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দেশের ধর্মীয় পরিবেশ, শান্তি, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।
