বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু!
সাতক্ষীরার তালায় বিজয়া দশমীর আনন্দঘন আয়োজনের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়ে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন তন্নী দে (২০) নামে এক গৃহবধূ। পরে তাঁর মৃত্যু হয়। বিয়ের মাত্র চার মাসের মাথায় এমন আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।
বুধবার (২১ অক্টোবর) রাতে তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। তন্নী দে উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর এবারই প্রথম বাবার বাড়িতে দুর্গাপূজা উদযাপন করতে এসেছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে স্বজন ও পরিচিতদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি। ধর্মীয় রীতি অনুসারে দুর্গাপ্রতিমার চরণ ও কপালে সিঁদুর দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার সময় তন্নী বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর তিনি মাটিতে পড়ে যান। উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আকস্মিক গুরুতর হৃদ্রোগের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে তন্নীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তন্নী দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন।
