পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল পণ্যের গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মধ্য রাতে পরিচালিত এক যৌথ অভিযানে নকল পণ্য জব্দ ও গোডাউনটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে গভীর রাতে ইউএনও মো. হাসিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হলে সেখান থেকে ‘চাষী’ চাউলের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেট করার প্রমাণ পাওয়া যায়।, এছাড়া নকল ঘি, মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।
অভিযানকালে ভেজাল ও নকল পণ্য বিক্রির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কারখানা সিলগালা করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, অসাধু কারখানা মালিকরা নকল ভোগ্য পণ্য উৎপাদন করে ভোক্তাদের প্রতারণা করে আসছে। এসব কারখানা মালিকদের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যহত থাকে।
