জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ ঘোষণার সংবাদ সম্মেলনে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবের তিনতলার আব্দুস সালাম হলে প্রবেশ করেন ইশরাক। অতিরিক্ত লোকসমাগমের কারণে শুরু থেকেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। তাতে সাংবাদিকদের কাজ কঠিন হয়ে পড়ে।
সংবাদ সম্মেলন শুরুর আগে ইশরাক দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ‘মোবাইল সাংবাদিকদের’ কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন।
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়ার পর সোমবার দুপুরে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন। ছবি: শামছুল হক রিপন
তিনি বলেন, “এখানে মূল ধারার সাংবাদিক ভাইয়েরা বসে আছেন, তাদের কাজ করতে দেন। আমাদের নেতাকর্মী, মোবাইল সাংবাদিক যারা আছেন, তারা বাইরে গিয়ে অপেক্ষা করেন। সাংবাদিকরা ডিস্টার্বড হচ্ছেন।”
তার এ বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুরু হয় বাক্বিতণ্ডা ও হট্টগোল। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ইশরাক যেখানে বসে সংবাদ সম্মেলন করছিলেন, সেখানেই তার পাশের চেয়ারে বসা দুই দলীয় নেতার মধ্যেও মারামারি হয়।
প্রথমে মারধরের শিকার হওয়া ব্যক্তি অন্যজনকে বলেন, “আমি সূত্রাপুর থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক, আমি এখানে থাকব কি না তুই বলার কে।”
এরপর তিনিও পাল্টা মারধর শুরু করেন।
অন্যজন এ সময় বলতে থাকেন, “আমি ইশরাক ভাইয়ের ছোট ভাই, তুই বের হ এখান থেকে।”
পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে সোমবার দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: শামছুল হক রিপন
প্রায় পাঁচ মিনিট মারামারি চলার পর দলীয় নেতাকর্মীরা একজনকে সেখান থেকে বের করে নিয়ে যান।
হট্টগোলের মধ্যেই অনেকটা বাধ্য হয়ে পূর্বনির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে সংবাদ সম্মেলন শুরু করেন ইশরাক। তবে পুরো আয়োজনজুড়েই বিশৃঙ্খল পরিস্থিতি বজায় ছিল।
এ সময় দৈনিক যুগান্তরের এক মাল্টিমিডিয়া প্রতিবেদকের আইফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এর আগে প্রেস ক্লাব চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামার পরপরই নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে ফেলেন ইশরাক।
এ সময় ইশরাককে বলতে শোনা যায়, “আমার ফোন কই, পকেটে ছিল। এই খুঁজে দেখ।”
অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে হ্যান্ড মাইক হাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইশরাক হোসেন। ছবি: শামছুল হক রিপন
প্রায় পাঁচ মিনিট খোঁজাখুঁজির পর একজন মাটি থেকে ফোনটি পেয়েছেন বলে জানান। পরে ফোন হাতে নিয়ে সংবাদ সম্মেলনে প্রবেশ করেন তিনি।
সোমবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও এর প্রায় ১৫ মিনিট আগেই জাতীয় প্রেস ক্লাব চত্বরে পৌঁছান ইশরাক। প্রায় পাঁচ মিনিট পর তিনি আব্দুস সালাম হলে যান। এ সময় তার সঙ্গে কয়েকশ নেতাকর্মী ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে নিচে নেমে দলীয় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে গাড়িতে ওঠেন ইশরাক। পরে গাড়ি থেকে আবারও তাদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর ছাদখোলা গাড়িতে করে প্রেস ক্লাব এলাকা ছাড়েন।
