বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক পকেটমারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাঁর সহযোগী ও স্বজনেরা। এ ঘটনায় এএসআই উজ্জ্বল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আটক রতন ব্যাপারীর (২৮) বাড়ি উত্তর চেলোপাড়া এলাকায়। তিনি বাদল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে টহল দেওয়ার সময় চার-পাঁচজনকে পকেটমারির প্রস্তুতি নিতে দেখে পুলিশ। এ সময় রতনকে আটক করা হলে তাঁর সহযোগী ও আশপাশে থাকা স্বজনেরা পুলিশের ওপর চড়াও হন এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রতনকে থানায় নিয়ে যান। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
