কালবেলা · রাজনীতি
ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর নেতাকে উপপ্রধানমন্ত্রী করল ইরাক
১৬/১০/২০২৬

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী আসাইব আহল আল-হকের জ্যেষ্ঠ নেতা লাইথ আল-খাজালিকে উপপ্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে ইরাকের পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা এই গোষ্ঠীর নেতাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলার সময় এ সিদ্ধান্ত নিল বাগদাদ।
বৃহস্পতিবার পার্লামেন্টের ভোটে তিন উপপ্রধানমন্ত্রী ও ১১ জন মন্ত্রীর নিয়োগ অনুমোদিত হয়। তাদের মধ্যে নায়েফ আল-শাম্মারি প্রতিরক্ষামন্ত্রী এবং ইয়াসির আল-মালিকি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নতুন উপপ্রধানমন্ত্রী লাইথ আল-খাজালি আসাইব আহল আল-হকের নেতা কাইস আল-খাজালির ভাই। ২০২০ সালে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। একই সঙ্গে দুই ভাইকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে ওয়াশিংটন। ২০০৭ সালে পাঁচ মার্কিন সেনা নিহত হওয়ার একটি হামলাসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে গোষ্ঠীটির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র।
এর আগে ২০১৯ সালে ইরাকে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লাইথ ও কাইস আল-খাজালির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী আল-জাইদি বলেছেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের কারণে ইরাক নজিরবিহীন অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত দেশটি। এই তেল রপ্তানি থেকে সরকারের মোট রাজস্বের প্রায় ৯০ শতাংশ আসত।
যুদ্ধের প্রভাবে তেল রপ্তানি ও রাজস্ব আয়ে চাপ তৈরি হওয়ায় সরকারি কর্মচারীদের বেতন পরিশোধের অর্থ জোগাড় করতে ইরাকি মুদ্রা দিনারের অবমূল্যায়ন করেছেন আল-জাইদি। মার্কিন ডলারের বিপরীতে দিনারের মূল্য প্রায় ১৫ শতাংশ কমানো হয়েছে।
এদিকে, দেশের বাইরে থেকে পরিচালিত নয়, এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিরস্ত্রীকরণ এবং ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করারও অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗