সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির সিভিল ডিফেন্স।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) বন্যায় ভেসে যাওয়া তিন শিশু ঢলের পানিতে আটকে পড়েছে-এমন খবরের ভিত্তিতে জরুরি সাড়াদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
উদ্ধারকারীরা এক শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ তৃতীয় শিশুর সন্ধানে উদ্ধার অভিযান এখনো চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স। একই সঙ্গে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে-এমন এলাকায় জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সাধারণ নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের উপত্যকা, বন্যার পানির গতিপথ এবং যেখানে দ্রুত বৃষ্টির পানি জমতে পারে, এমন নিম্নাঞ্চলের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভারী বৃষ্টির সময় আকস্মিক বন্যা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অফিসিয়াল নিরাপত্তা নির্দেশিকা অনুসরণের ওপর আবারও জোর দিয়েছে সিভিল ডিফেন্স।
বিআলো/শিলি