পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর বহুচর্চিত ছবি ‘দেশু ৭’। গত ৮ অক্টোবর বৃহস্পতিবার কলকাতার বুকে এক প্রেক্ষাগৃহে জমকালো অনুষ্ঠান সহযোগে ট্রেলার লঞ্চ করেছিলেন দেব-শুভশ্রী। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি টলিপাড়ার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু তাতে কী? দূর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেবকে একটি খোলা চিঠি লিখে পরিচালক হিসেবে তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
সমাজমাধ্যমে নিজের হাতে লেখা একটি খোলা চিঠি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, “তোমাদের দেশু ৭-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারলাম না। আউটডোর শুটে আছি। তোমার জীবনের এক নতুন যাত্রা শুরু হচ্ছে, একজন পরিচালক হিসেবে। এই নতুন পথচলার জন্য আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। একজন অভিনেতা হিসেবে তোমাকে বহুদিন ধরে দেখছি, এবার পরিচালক হিসেবে দেখার জন্যও খুব আগ্রহী হয়ে আছি।” চিঠির শেষে টিম ‘দেশু ৭’-এর প্রতিও ভালবাসা ও শুভকামনা জানান তিনি।
প্রসেনজিতের এই স্নেহ ও আশীর্বাদ হাতছাড়া করেননি দেবও। বুম্বাদার সেই চিঠি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে এবার তার উত্তর দিলেন ‘দেশু ৭’-এর অভিনেতা-পরিচালক।
https://www.youtube.com/watch?v=J_gZvuYr3Qk
দেব লিখলেন, “প্রিয় বুম্বা’দা, তোমার এই ভালবাসা, আশীর্বাদ আর আন্তরিক শুভেচ্ছা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমার জীবনের এই নতুন অধ্যায়ে তোমার মতো একজন মানুষের উৎসাহ আর শুভকামনা আমাকে আরও সাহস ও আত্মবিশ্বাস জোগায়। তুমি ট্রেলার লঞ্চে না থাকতে পারলেও, তোমার ভালবাসা সবসময় আমাদের সঙ্গে আছে।” এরপর প্রসেনজিৎকে কথা দিয়ে দেব আরও লেখেন, “কথা দিচ্ছি, চেষ্টা করব যাতে তোমাকে বিশেষভাবে ছবিটা দেখানোর ব্যবস্থা করতে পারি। তোমার মতামত আর আশীর্বাদ আমার কাছে ভীষণ মূল্যবান। এভাবেই পাশে থেকো, ভালবাসা আর আশীর্বাদ রেখো।”
টলিউডের দুই হেভিওয়েট তারকার এই পারস্পরিক শ্রদ্ধা, ভালবাসা ও বন্ধুত্বের উষ্ণতা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের মন কেড়ে নিয়েছে। ছবি মুক্তির আগে দেব-প্রসেনজিতের এই বন্ডিং ‘দেশু ৭’-এর উন্মাদনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল।
