মতলব উত্তরের ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের শটগান হারিয়ে যায়। সোমবার লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। নৌ-পুলিশের ইনচার্জ আলমগীর হোসাইন জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় ও শটগান হারিয়ে যায়। নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় মোট ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ ও মোহনপুর ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে। বাকি চারজনকে অন্যান্য ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।