সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম তারেক হোসেন বাপ্পি (২৬)। একই ঘটনায় অপর যুবদল কর্মী মোঃ শাওন (২২) নামের আরেকজন যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় বাড়বকুণ্ডের অলিনগরে এ ঘটনা ঘটে।
নিহত যুবক বাপ্পি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ মিয়াজীপাড়া এলাকার কোরবান আলী বাড়ির প্রবাসী আলি আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর গ্রামের নতুনবাড়ীর ইউসুফের ছেলে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বাড়বকুণ্ড এলাকা থেকে মধ্যরাতে দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা দিতে নিয়ে আসা হলে এ সময় তারেক হোসেন বাপ্পি নামের এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর যুবক তাফসির আহমেদ শাওনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্রে জানা গেছে, এদিন রাত সাড়ে ১০ টার দিকে ১০থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল অলিনগরের যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলি ও এলোপাথাড়ি কুপিয়ে দুই যুবককে মারাত্মক আহত করে।
পরবর্তীতে তাদেরকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। গত কয়েকদিন ধরে ঐ এলাকায় বালির ব্যবসা নিয়ে উত্তেজনা চলে আসছিল বলে জানা গেছে। তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে জানার জন্য সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

